ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জলবায়ু নেতৃত্ব কর্মসূচি চালু করতে যাচ্ছে চীন

জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন দক্ষ নেতৃত্ব। আর সেটা গড়ে তুলতেই ২০২৭ সালে একটি বিশেষ কর্মসূচি চালু করতে যাচ্ছে চীন। জলবায়ু পরিবর্তনবিষয়ক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা আরও জোরদার করা এবং উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু শাসনব্যবস্থার সক্ষমতা বাড়াতে সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


সম্প্রতি কপ৩১-এর চীন প্যাভিলিয়নে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ফোরামের ১৪তম উচ্চপর্যায়ের সভায় এ ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের পক্ষগুলোর সম্মেলনের ৩১তম অধিবেশন চলবে ২০ নভেম্বর পর্যন্ত।


চীনের পরিবেশ ও বাস্তুতন্ত্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের এ প্রকল্প বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এটি বাস্তবায়ন করা হবে। এর লক্ষ্য হলো, অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য দক্ষ জলবায়ু নেতৃত্ব তৈরি করা, যাতে তারা নিজ নিজ দেশের জলবায়ু নীতিমালা প্রণয়নে সক্ষম হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সমন্বয় ও সহযোগিতা সম্পর্কেও গভীর ধারণা অর্জন করতে পারে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা, বিশ্ব আবহাওয়া সংস্থা, আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা, গ্লোবাল এনার্জি ইন্টারকানেকশন ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন অর্গানাইজেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই অংশীদার নেটওয়ার্কে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ ছাড়া চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এবং প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি, টেনসেন্ট ও লেনোভোও এতে অংশ নিচ্ছে।


ফোরামে ‘চীন-দক্ষিণ-দক্ষিণ জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র’ নামে একটি সক্ষমতা উন্নয়নব্যবস্থারও পরিচয় করিয়ে দেওয়া হয়। এটি গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর জন্য বহুমাত্রিক ও বিস্তৃত প্রশিক্ষণ কর্মসূচি। মন্ত্রণালয় জানায়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চীনের অভিজ্ঞতা এবং পরিবেশবান্ধব উচ্চমানের উন্নয়নের অভিজ্ঞতার আলোকে এই প্রশিক্ষণকেন্দ্রে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও নীতিগত মতবিনিময়ের সুযোগ থাকবে।


এ ছাড়া প্রশিক্ষণার্থীদের চীনের পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল উন্নয়ন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ করে দিতে বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শনের আয়োজন করা হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑